রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী। এই বাজেট সব শ্রেণি-পেশার মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন)-এর ১৮তম কার্যদিবসে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেটে ৬১টি পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করা হয়েছে। ফলে বাজেট ঘোষণার পরও বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রয়েছে।
প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ আখ্যা দিয়ে তিনি বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম বাজেট ঘোষণার পর কোনো নিত্যপণ্যের দাম বাড়েনি।
তারেক রহমান বলেন, দেশের বিদ্যমান নানা সংকটকে সরকার অস্বীকার করছে না, তবে সেগুলোকে অজুহাত হিসেবেও ব্যবহার করতে চায় না। তিনি উল্লেখ করেন, অতীতে অর্থ পাচারের কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গিয়েছিল।
তিনি আরও বলেন, বর্তমানে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। অতীতের দিকে না তাকিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
রিপোর্টার্স২৪/ঝুম