রিপোর্টার্স২৪ ডেস্ক: মূল্যস্ফীতির চাপের মধ্যে সাধারণ করদাতাদের জন্য কিছুটা স্বস্তির সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন এ সিদ্ধান্ত কার্যকর হলে যেসব করদাতার বার্ষিক বেতনভিত্তিক আয় ৬ লাখ টাকার কম (বেতনের এক-তৃতীয়াংশ করমুক্ত সুবিধাসহ), তাদের আয়কর দিতে হবে না।
এছাড়া ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে বাধ্যতামূলক টিআইএন (ট্যাক্সপেয়ার্স আইডেন্টিফিকেশন নম্বর) জমা দেওয়ার বিধান প্রত্যাহারের বিষয়েও সরকার চিন্তাভাবনা করছে বলে জানা গেছে।
অর্থ বিল-২০২৬ পাসের আগে শেষ মুহূর্তে ব্যবসায়ী ও অংশীজনদের আপত্তির পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত বাজেটের কিছু বিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর মধ্যে নিয়মিত কর দিয়ে জমি-ফ্ল্যাটের প্রকৃত মূল্য প্রদর্শনের বিধান বাতিল, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ আয়ের ওপর ২০ শতাংশ করহার বহাল রাখা এবং খুচরা ব্যবসায়ীদের ক্ষেত্রে একক ভ্যাট হার আরোপের পরিকল্পনা থেকে সরে আসার বিষয়ও রয়েছে।
অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, মঙ্গলবার জাতীয় সংসদে অর্থ বিল-২০২৬ পাসের আগে এসব সংশোধনী চূড়ান্ত করা হতে পারে।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা আরও ২৫ হাজার টাকা বাড়িয়ে ৪ লাখ টাকায় উন্নীত করা হচ্ছে, অর্থাৎ এক বছরে মোট ৫০ হাজার টাকা বৃদ্ধি পাচ্ছে করমুক্ত সীমা।
রিপোর্টার্স২৪/ঝুম