প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 29-06-2026 ইং
সংবাদ শিরোনামঃ নওগাঁয় ২৪টি সাংস্কৃতিক সংগঠন ও ১৪২ জন কর্মীর মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জেলা প্রশাসন ও জেলা কালচারাল অফিসের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নওগাঁ জেলা কালচারাল অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. ফারুকুর রহমান ফয়সল। নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা সিদ্দিকা।
প্রধান অতিথির বক্তব্যে আয়েশা সিদ্দিকা বলেন, “সংস্কৃতি হলো একটি জাতির দর্পণ। প্রান্তিক পর্যায়ের সাংস্কৃতিক চর্চাকে বেগবান করতে এবং এর সঙ্গে জড়িত কর্মীদের মূল্যায়নে সরকারের এই অনুদান অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রাখবে। এ সহায়তা স্থানীয় পর্যায়ে সুস্থ সংস্কৃতির বিকাশে কর্মীদের আরও বেশি উৎসাহিত করবে।”
অনুষ্ঠানে জানানো হয়, চলতি অর্থবছরে জেলার ২৪টি সাংস্কৃতিক সংগঠনের মাঝে মোট ১২ লাখ ৪৭ হাজার টাকা এবং ১৪২ জন সাংস্কৃতিক কর্মীর মাঝে মোট ৩৬ লাখ ২৫ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়েছে।
অনুদানের চেক পাওয়া উল্লেখযোগ্য সংগঠনগুলোর মধ্যে রয়েছে একুশে পরিষদ, নওগাঁ সাহিত্য পরিষদ, নজরুল একাডেমি, বাংলাদেশ যাত্রা শিল্পী সংঘসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।