রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে এক দিনে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ১৪৫ জন।
সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হলো মোট ৬২৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৩ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭১৬ শিশু মারা গেছে।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় ১৪১ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার চার। এই সময়ে ৯৬২ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ৪১ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুয়াযী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ২১১, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৮৫১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮৩ হাজার ৮০৬ রোগী, তাদের মধ্যে ৮০ হাজার ১৯৩ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।
রিপোর্টার্স২৪/ঝুম