স্টাফ রিপোর্টার: মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) ফরিদপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু এবং রাজধানীর তুরাগ নদ থেকে তিন দিনে তিনটি মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
সোমবার (২৯ জুন) এক বিবৃতিতে সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, দুটি ঘটনাই জননিরাপত্তা, আইনের শাসন এবং মানবাধিকার সুরক্ষা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।
বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্রের হেফাজতে থাকা কোনো ব্যক্তির জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। তাই ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে একটি নিরপেক্ষ, স্বচ্ছ, কার্যকর ও বিশ্বাসযোগ্য তদন্ত পরিচালনা করতে হবে। পাশাপাশি, এ ঘটনায় দায়ী ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, রাজধানীর তুরাগ নদ থেকে অল্প সময়ের ব্যবধানে একাধিক মরদেহ উদ্ধারের ঘটনাও অত্যন্ত উদ্বেগজনক। এসব মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড, নিখোঁজের ঘটনা, পরিকল্পিত হত্যা বা অন্য কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রয়েছে কি না, তা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটন করা জরুরি।
সংগঠনটি নিহতদের পরিচয়, মৃত্যুর কারণ এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে সময়মতো নির্ভরযোগ্য তথ্য জনসম্মুখে প্রকাশেরও আহ্বান জানায়।
এইচআরএসএসের মতে, রাষ্ট্রের হেফাজতে মৃত্যু কিংবা রহস্যজনকভাবে একাধিক মরদেহ উদ্ধারের মতো প্রতিটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী দ্রুত, স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের দাবি রাখে। একই সঙ্গে তদন্তে কোনো ধরনের প্রভাব বা পক্ষপাত যেন না থাকে এবং ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচারের অধিকার নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, উভয় ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন, দোষীদের আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব