কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদিত কালো তিল আন্তর্জাতিক বাজারে রপ্তানির মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং উৎপাদক সংগঠনভিত্তিক কৃষি ব্যবসার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে খোকসা উপজেলার একতাপুরের ইশ্বরদী এলাকায় এ সভার আয়োজন করে সারা বাংলা কৃষক সোসাইটি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান শশী অর্গানিক ফুড লিমিটেডের সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারা বাংলা কৃষক সোসাইটির সভাপতি রিতা ব্রহ্ম।
এ সময় বক্তারা বলেন, উৎপাদক সংগঠনভিত্তিক কৃষি ব্যবসা ক্ষুদ্র কৃষকদের জন্য টেকসই বাজারসংযোগ তৈরির একটি কার্যকর মডেল। সংগঠিতভাবে উৎপাদন, গুণগত মান নিশ্চিতকরণ এবং রপ্তানিকারকের সঙ্গে সরাসরি চুক্তির ফলে কৃষকেরা ন্যায্যমূল্য পাচ্ছেন এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি হয়েছে।
বক্তারা আরও বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযুক্ত করতে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা, উৎপাদক সংগঠন এবং বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে। এ মডেল দেশের অন্যান্য এলাকাতেও সম্প্রসারণ করা গেলে কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধি এবং কৃষকের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠানে প্রায় ১৫০ জন কৃষক, সারা বাংলা কৃষক সোসাইটির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক, রপ্তানিকারক প্রতিষ্ঠান শশী অর্গানিক ফুড লিমিটেডের প্রতিনিধি মো. ইসমাইল হোসেন, তিনটি উৎপাদক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।