কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রীমা ভূঁইয়া রুম্পা ভার্চুয়ালি যুক্ত হয়ে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক লাকি আক্তারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রেসিডেন্সিয়াল শিক্ষা পরিবারের উপদেষ্টা এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন কলেজ শাখার ইনচার্জ প্রভাষক মো. সোহরাব সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন।
এ ছাড়া প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মাসুদ সরকার। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক মনিরা ভূঁইয়া শম্পা, কলেজ শাখার অধ্যক্ষ মো. সরোয়ার্দী, উপাধ্যক্ষ এস এম শাহাদুল্লাহ রহমান শুভ্র, অভিভাবক প্রতিনিধি সাংবাদিক মো. আকরাম হোসেন রিপন, কো-অর্ডিনেটর মারুফ খান এবং প্রভাষক রিফাতসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় কয়েকজন অভিভাবক শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠান পরিচালনা বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রি-প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণির কৃতী শিক্ষার্থীদের সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার গ্রহণের পর শিক্ষার্থীদের উচ্ছ্বাসে পুরো ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে ওঠে।
এদিকে, বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুনিয়াত জাহান পূর্ণতা তার সুমধুর কণ্ঠে মহান আল্লাহ তায়ালার ৯৯টি নাম পাঠ করে উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
রিপোর্টার্স২৪/বাবি