ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, এ সপ্তাহে কাতারে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ‘বিশেষজ্ঞ দল’-পর্যায়ে কোনো বৈঠক করার পরিকল্পনা বর্তমানে নেই।
টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে গরিবাবাদি বলেছেন, অন্য পক্ষের অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি নিয়ে কাতারের সঙ্গে স্বাভাবিকভাবেই শলা-পরামর্শ অব্যাহত রয়েছে। তবে কয়েকটি গণমাধ্যমে যে দাবি করা হয়েছে, দোহায় ওয়ার্কিং গ্রুপগুলোর বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে—সে তথ্য নিশ্চিত করা যাচ্ছে না।
তিনি আরও বলেনে, নির্ধারিত ওয়ার্কিং গ্রুপগুলোর কাঠামোর আওতায় প্রথম দফার বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা তখনই অনুষ্ঠিত হবে, যখন প্রয়োজনীয় শর্ত পূরণ হবে এবং তারিখ ও স্থান নিয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হবে। এ বিষয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে পরামর্শ অব্যাহত রয়েছে।
এর আগে আল জাজিরাসহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছিল, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: পার্সটুডে
রিপোর্টার্স২৪/এম এইচ