দাগনভূঞা প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে মোসলে উদ্দিন জনি (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে দাগনভূঞা থানা পুলিশ।
সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার রাজাপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জনি উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়ণপুর এলাকার মৌলভী বাড়ির মৃত মো. মোস্তফার ছেলে।
দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম এ তথ্য নিশ্চিত করে বলেন, জনি মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে অশ্লীল ও কুরুচিপূর্ণ দুটি পোস্ট করেন। বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হলে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জানা গেছে, গ্রেপ্তার জনি রাজাপুর আলিম মাদ্রাসা থেকে ২০২১ সালে দাখিল পাস করার পর আর পড়াশোনা করেননি। বর্তমানে তিনি বেকার। এর আগেও তিনি বিএনপি সরকারের বিভিন্ন সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করতেন বলে জানা যায়। তিনি জামায়াত-শিবিরের সমর্থক বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
গ্রেপ্তার মোসলে উদ্দিন জনিকে একটি ভিডিওতে বলতে দেখা গেছে, ভাইরাল হওয়া স্ক্রিনশট তার নয় এবং সেটি সম্পাদনা করা হয়েছে। তবে ফেসবুক আইডিটি তার এবং যে মুঠোফোন থেকে পোস্ট করা হয়েছে সেটিও তার বলে তিনি স্বীকার করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।