ঝিনাইদহ প্রতিনিধি: ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে পরিবেশ সচেতনতার বার্তায় রূপ দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঝিনাইদহ আর্জেন্টিনা ফ্যান ক্লাব। ২০২৬ ফিফা বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে ক্লাবের উদ্যোগে চারা রোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় ঝিনাইদহ আইডিয়াল মডেল স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রায় ২০০টি বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয় চত্বরে প্রতীকীভাবে বেশ কয়েকটি চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বকাপ ফুটবল শুধু খেলার আনন্দই নয়, সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করারও একটি উপলক্ষ হতে পারে। সেই ভাবনা থেকেই পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইদহ আর্জেন্টিনা ফ্যান ক্লাবের অ্যাডমিন শাহিনুর আলম লিটন, জিকু হাসান, জাহান লিমন, রিজভী আহমেদ, সুলতান আল এনাম, তারিকুল ইসলাম, মমিন হোসেনসহ ফ্যান ক্লাবের অন্যান্য সদস্যরা।
এ সময় শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, একটি গাছ শুধু প্রকৃতিকে সবুজই করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশও নিশ্চিত করে। তাই প্রত্যেকের উচিত অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যা করা।
আয়োজকরা জানান, ফুটবলের প্রতি ভালোবাসার পাশাপাশি সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বিশ্বকাপের উন্মাদনার সঙ্গে সবুজ পৃথিবী গড়ার এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন