প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 30-06-2026 ইং
সংবাদ শিরোনামঃ রোটারি ক্লাব অব বগুড়ার রোটাবর্ষের কর্মপরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন
বগুড়া প্রতিনিধি: "ঐতিহ্য ও সেবার অগ্রযাত্রায় মানবিক সমাজ বিনির্মাণে আমরা অঙ্গীকারাবদ্ধ"—এই প্রত্যয় নিয়ে রোটারি ক্লাব অব বগুড়ার ২০২৬-২৭ রোটারি বর্ষের নতুন পরিচালনা পর্ষদের বিস্তারিত কর্মপরিকল্পনা উপস্থাপন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নবনির্বাচিত প্রেসিডেন্ট রোটা. মো. সাজেদুল বারী লিখন এবং সেক্রেটারি রোটা. মো. শফিকুল ইসলাম বিপুলের উপস্থিতিতে ক্লাবের ভবিষ্যৎ জনকল্যাণমূলক প্রকল্পের রূপরেখা তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া নতুন বর্ষে রোটারি ইন্টারন্যাশনাল ও রোটারি ফাউন্ডেশনের নীতি অনুসরণ করে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ রক্ষা ও দারিদ্র্য বিমোচনসহ মোট ৪৭টি সামাজিক সেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে গরিব ও এতিম ছাত্র-ছাত্রীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, বিনামূল্যে সেলাই মেশিন প্রদান, চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প, চক্ষু ও ক্যানসার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, রক্তদান কর্মসূচি, প্রতিবন্ধী শিশুদের সহায়তা, বৃক্ষরোপণ এবং বগুড়া শহর ও উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে যাত্রী ছাউনি ও বিশুদ্ধ পানির নলকূপ স্থাপন।
সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে স্থানীয় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করে রোটারির নেতৃবৃন্দ একটি টেকসই ও ইতিবাচক সামাজিক প্রভাব (Create Lasting Impact) সৃষ্টির ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ক্লাবের নবনির্বাচিত বোর্ড অব ডিরেক্টরসের সদস্যবৃন্দ, পাস্ট প্রেসিডেন্টগণ এবং স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।