বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলীর আসন্ন সিনেমা ‘দেশু ৭’এর শুটিং সেটের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ভিডিওতে শুটিংয়ের ফাঁকে দেবের কপাল ও মুখের ঘাম নিজের ওড়না দিয়ে মুছে দিতে দেখা যায় শুভশ্রীকে। মুহূর্তেই সেই দৃশ্য ভাইরাল হয়ে পুরোনো এই জুটিকে ঘিরে নতুন করে উচ্ছ্বাসে মেতেছেন ভক্তরা।
একসময় টালিউডের সবচেয়ে জনপ্রিয় অনস্ক্রিন জুটিগুলোর একটি ছিলেন দেব ও শুভশ্রী। ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ এবং ‘খোকাবাবু’–র মতো একের পর এক সুপারহিট সিনেমার মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন তারা। দীর্ঘ প্রায় এক দশক পর আবারও বড় পর্দায় এই জুটিকে একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছেন সিনেমাপ্রেমীরা।
এরই মধ্যে ‘দেশু ৭’-এর শুটিং সেট থেকে ফাঁস হওয়া একটি ‘বিহাইন্ড দ্য সিন’ ভিডিও নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভিডিওতে দেখা যায়, উল্টে থাকা একটি গাড়ির ওপর দাঁড়িয়ে রয়েছেন দেব ও শুভশ্রী। দুজনের পোশাকে রক্তের দাগ, দেবের হাতে একটি রাইফেল—যা থেকে বোঝা যায় এটি একটি অ্যাকশন দৃশ্যের শুটিং। শটের ফাঁকে তীব্র গরমে ঘেমে গেলে শুভশ্রী নিজের সালোয়ার-কামিজের ওড়না দিয়ে দেবের কপাল ও মুখের ঘাম মুছে দেন। ভিডিওতে ধরা পড়া এই স্বতঃস্ফূর্ত মুহূর্তই এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু।
দেব-শুভশ্রীর এই সহজ ও আন্তরিক অফস্ক্রিন রসায়ন দেখে উচ্ছ্বসিত তাদের দীর্ঘদিনের ভক্ত-অনুরাগীরা। অনেকেই মনে করছেন, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বড় পর্দায় তাদের রসায়নকে আরও প্রাণবন্ত করে তুলবে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যের ঘরেও চলছে নানা রসিকতা। বিশেষ করে শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী এবং দেবের দীর্ঘদিনের সঙ্গী অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে নিয়ে মজার মন্তব্য করছেন নেটিজেনরা।
একজন লিখেছেন, রাজ চক্রবর্তী আর রুক্মিণী কি এটা জানে? আরেকজনের মন্তব্য, রুক্মিণী দিদি এই ভিডিও দেখলে কিন্তু কপালে দুঃখ আছে। যদিও এসব মন্তব্যই মূলত রসিকতার ছলে করা হয়েছে।
উল্লেখ্য, ব্যক্তিগত সম্পর্কের ইতি টানার পরও দেব ও শুভশ্রী ‘ধূমকেতু’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন। ২০১৫ সালে নির্মিত ছবিটি দীর্ঘদিন মুক্তির অপেক্ষায় থাকার পর গত বছর প্রেক্ষাগৃহে আসে এবং দর্শকদের প্রশংসা পায়।
‘ধূমকেতু’র পর আবারও বড় আয়োজনে এক হচ্ছেন এই দুই তারকা। ‘দেশু ৭’ সিনেমায় তাদের ভিন্ন মাত্রার চরিত্রে দেখা যাবে। ছবিটির প্রযোজনা ও পরিচালনার দায়িত্বেও রয়েছেন দেব।
রিপোর্টার্স২৪/ঝুম