বগুড়া প্রতিনিধি: সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের হিসাব অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) নওগাঁ জোন ১৭ কোটি ২৪ লাখ টাকা অপারেশনাল মুনাফা অর্জন করেছে। এ অর্জনের মাধ্যমে রাজশাহী বিভাগের মধ্যে সর্বোচ্চ মুনাফা অর্জনকারী জোন হিসেবে প্রথম স্থান অধিকার করেছে নওগাঁ জোন।
রাকাব কর্তৃপক্ষ জানায়, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উত্তর-পশ্চিমাঞ্চলের কৃষি, কৃষিপণ্য বিপণন, বাজার ব্যবস্থাপনা এবং ক্ষুদ্র, কুটির, মাঝারি ও উদ্যোক্তা (সিএমএসএমই) খাতের উন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ব্যাংকটি।
রাকাব নওগাঁ জোনের প্রধান উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. রুহুল আমিন এ অর্জনের জন্য ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, অংশীজন ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঠিক দিকনির্দেশনা এবং কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ও নিরলস প্রচেষ্টার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে। একই সঙ্গে গ্রাহকদের আস্থা ও সহযোগিতাও এ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, এ সাফল্য ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে এবং নওগাঁ জোনের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/বাবি