স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের রাউন্ড অব-৩২-এ আফ্রিকার দেশ কেপ ভার্দের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কেপ ভার্দে ইতোমধ্যে তাদের দৃঢ় রক্ষণভাগ ও গোলরক্ষকের পারফরম্যান্স দিয়ে আলোচনায় উঠে এসেছে। প্রতিপক্ষকে নিয়ে সতর্কবার্তাও দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
তবে ম্যাচের আগে প্রতিপক্ষের চেয়ে মিয়ামির আবহাওয়াই যেন বেশি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আর্জেন্টিনা শিবিরে। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিতব্য এই ম্যাচে প্রতিপক্ষের পাশাপাশি প্রকৃতির সঙ্গেও লড়তে হবে লিওনেল মেসিদের।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় ভোর ৪টা) শুরু হওয়া ম্যাচের সময় তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে থাকবে প্রায় ৬৭ শতাংশ আর্দ্রতা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আকাশে মেঘ-রোদের লুকোচুরির পাশাপাশি ৫৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
জর্ডানের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে স্কালোনি ম্যাচের সময়সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, আমাদের প্রচণ্ড গরমের মধ্যে খেলতে হবে। এমন সময়ে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত বোঝা কঠিন। তবে অন্য দলগুলোকেও একই পরিস্থিতিতে খেলতে হয়েছে, তাই অভিযোগের সুযোগ নেই।
স্কালোনির উদ্বেগের মূল কারণ গরম ও আর্দ্রতার সম্মিলিত প্রভাব। এমন পরিবেশে খেলোয়াড়দের শারীরিক পরিশ্রম বেড়ে যায়, দ্রুত ক্লান্তি আসে এবং ম্যাচ চলাকালে শক্তি পুনরুদ্ধার করাও কঠিন হয়ে পড়ে। নকআউট পর্বে যেখানে একটি ভুলই বিদায়ের কারণ হতে পারে, সেখানে পুরো ম্যাচজুড়ে শক্তির সঠিক বণ্টন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
এই বিশ্বকাপে এর আগেও প্রতিকূল আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হয়েছে আর্জেন্টিনাকে। সে কারণে শুরু থেকেই স্কালোনির কোচিং স্টাফ খেলোয়াড়দের ক্লান্তি কমাতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। নিয়মিত রোটেশন, পর্যাপ্ত বিশ্রাম এবং ভ্রমণসূচির সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ কমানোর চেষ্টা করা হয়েছে। মিয়ামির ম্যাচে সেই পরিকল্পনার কার্যকারিতাও পরীক্ষা দিতে হবে।
অন্যদিকে, আত্মবিশ্বাসী কেপ ভার্দে গ্রুপ পর্বে চমক দেখিয়ে উরুগুয়েকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান অর্জন করে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। আফ্রিকার কঠিন আবহাওয়ায় বেড়ে ওঠা দলটির খেলোয়াড়রা শারীরিকভাবে বেশ শক্তিশালী ও ফিট বলে মনে করা হচ্ছে।
তবে আবহাওয়াকে কোনো অজুহাত হিসেবে দেখতে রাজি নন স্কালোনি। তার মতে, একই পরিস্থিতিতে খেলতে হবে দুই দলকেই। তবুও গরম ও আর্দ্রতা যে ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে উঠতে পারে, তা ভালোভাবেই উপলব্ধি করছে আর্জেন্টিনা শিবির।
রিপোর্টার্স২৪/বাবি