স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার (৩ জুলাই)। ভোটকেন্দ্রে নামাজের বিরতির সময় কেন্দ্রের ভেতরে লোক রেখে দুই পাশের গেটে তালা দেওয়ার অভিযোগ তুলেছে আরমান-মুক্তি প্যানেল। এই ঘটনাকে কেন্দ্র করে ভোটকেন্দ্রে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়।
আরমান-মুক্তি প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী রুমানা ইসলাম মুক্তি বলেন, এমন কোনো নিয়ম তো নেই। নির্বাচন কমিশনারকে ফোন করলে সেটিও বন্ধ পাওয়া যাচ্ছে। ভেতরে লোক রেখে নামাজের বিরতি দেওয়া হয়েছে। এটা কেমন নিয়ম? এদের সঙ্গে নির্বাচনে দাঁড়ানোই ঠিক হয়নি।
একই অভিযোগ করেন অভিনেতা আবির চৌধুরী। তিনি বলেন, এটি তো ম্যানুয়াল কাউন্টের ভোট। ভেতরে লোক রেখে কেন দরজায় তালা দেওয়া হবে? এ পর্যন্ত যত ভোট পড়েছে, তা আবার গণনা করে নতুন করে ভোটগ্রহণের দাবি জানাই।
এদিকে কেন্দ্রের ভেতর থেকে বের হওয়া এক নিরাপত্তাকর্মী বলেন, আমি ওয়াশরুমে গিয়েছিলাম। গেটে তালা দিয়ে দেওয়া হবে সেটা আমরা বুঝতে পারিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন নির্বাচন কমিশনার কিবরিয়া লিপু। তার কথায়, এ ধরনের কিছু ঘটার সুযোগই নেই। প্রজেক্টরের মাধ্যমে ভেতরের সব কার্যক্রম দেখা যাচ্ছে।
এদিকে দুপুর ১টায় নামাজের এক ঘণ্টা বিরতি পর্যন্ত ১০২টি ভোট পড়েছে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।
এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এক প্যানেলে রয়েছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি, অন্য প্যানেলে শিবা সানু ও জয় চৌধুরী।
আরমান-মুক্তি পরিষদে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়িকা নূতন ও ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল লড়ছেন। কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন মানস বন্দ্যোপাধ্যায়, দুলারী, রাকা, শারমিন আক্তার, লতিফ (চিতা), নাসরিন, সুশান্ত, শাহীন কমেডি, বাদল শেখ, আরমান খান ও শামীম খান (চিকন আলী)।
অন্যদিকে, শিবা সানু-জয় চৌধুরী পরিষদে সহ-সভাপতি পদে ডি এ তায়েব ও রোজিনা, সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মুশফিকুর রহমান কাকন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর এবং কোষাধ্যক্ষ পদে জাদু আজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। কার্যনির্বাহী সদস্য পদে লড়ছেন আলীরাজ, ফরহাদ, শিপন মিত্র, ফিরোজ শাহী, ইয়ামীন হক ববি, হাসান জাহাঙ্গীর, শিরিন শিলা, ফাল্গুনী রহমান জলি, কায়েস আরজু ও কাবিলা।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু। নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন খোরশেদ আলম খসরু ও বি এইচ নিশান।
রিপোর্টার্স২৪/ধ্রুব