স্পোর্টস ডেস্ক: রেকর্ডগড়া এক রাতে কষ্টার্জিত জয় নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নবাগত কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয়ের পর প্রতিপক্ষের লড়াকু মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন অধিনায়ক লিওনেল মেসি। একই সঙ্গে নিজের দলের কিছু দুর্বলতার কথাও অকপটে স্বীকার করে সামনে আরও উন্নতির প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন তিনি।
ম্যাচ শেষে মেসি বলেন, শুরু থেকেই তারা কঠিন এক লড়াইয়ের প্রত্যাশা করেছিলেন। তার ভাষায়, "আমরা জানতাম ম্যাচটা অনেক কঠিন হতে যাচ্ছে। এই দলটি স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেও হারেনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি আমরা শুরুতেই করতে পেরেছিলাম, সেটি হলো প্রথম গোল করা। আমি ভেবেছিলাম এরপর আমরা নিজেদের স্বাভাবিক ছন্দে ফিরব এবং স্বস্তিতে খেলতে পারব, কিন্তু বাস্তবে হয়েছে উল্টোটা। তারা মাঠে নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছে।"
বিশ্বকাপের নকআউট পর্বে কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলেও মনে করিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি বলেন, "নকআউট ম্যাচে কেউ কাউকে কিছু উপহার দেয় না। আমরা সবসময় প্রতিপক্ষকে সম্মান করি এবং জানতাম কাজটা সহজ হবে না। এখন বিশ্ব ফুটবল অনেক বেশি ভারসাম্যপূর্ণ। প্রতিটি ম্যাচই কঠিন হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্রাম নেওয়া, সামনে কী অপেক্ষা করছে তা নিয়ে ভাবা এবং এই ম্যাচের ইতিবাচক দিকগুলোকে কাজে লাগানো। আমরা অনেক ভালো কিছু করেছি, তবে কিছু ভুলও শুধরে নিতে হবে।"
দলের পারফরম্যান্সের দুর্বল দিকগুলো নিয়েও খোলামেলা কথা বলেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই ফুটবলার। মেসি বলেন, "আমরা ঠিকভাবে প্রেসিং করতে পারছিলাম না। রক্ষণভাগ ও মাঝমাঠের লাইনের মধ্যে দূরত্ব অনেক বেশি ছিল, ফলে আমাদের বেশ বেগ পেতে হয়েছে। খেলোয়াড়দের মধ্যে সমন্বয়ের কিছু ঘাটতি ছিল এবং প্রতিপক্ষ যেভাবে শারীরিক শক্তি দিয়ে খেলছিল, আমরা তার সঙ্গে পুরোপুরি তাল মেলাতে পারছিলাম না।"
কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার জয়টি ছিল দারুণ নাটকীয়তায় ভরা। ম্যাচের শুরুতে মেসির গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। পরে দিরয় দুয়ার্তের গোলে সমতায় ফেরে কেপ ভার্দে। অতিরিক্ত সময়ে লিসান্দ্রো মার্তিনেস আর্জেন্টিনাকে আবারও এগিয়ে দিলেও কাবরালের দুর্দান্ত এক গোল ম্যাচে ফের সমতা আনে। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ডিনে বোর্জেসের আত্মঘাতী গোলে জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির শিষ্যরা।
ম্যাচ শেষে কেপ ভার্দের প্রশংসা করে মেসি বলেন, "এই দলটি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে জানে। আজ আমরা সেট-পিস থেকে গুরুত্বপূর্ণ গোল পেয়েছি, যা এর আগে এই টুর্নামেন্টে হয়নি। আমাদের দলে ভালো হেডার রয়েছে এবং আজ আমরা সেটার সুবিধা নিতে পেরেছি। টুর্নামেন্টে টিকে থাকতে সুযোগের সঠিক ব্যবহার এবং গোল করা খুবই গুরুত্বপূর্ণ।"
এই জয়ের ফলে বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়েছে মিসর। একই রাতে অস্ট্রেলিয়াকে পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে জায়গা করে নেয় আফ্রিকার প্রতিনিধিরা। আগামী মঙ্গলবার শেষ আটে ওঠার ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিসর।
রিপোর্টার্স২৪/বাবি