নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর বানিয়াছল, রাঙ্গামাটি ও কোনাপাড়া এলাকাকে মাদকমুক্ত করার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমাজকর্মী আবু কাওসারের গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বানিয়াছল বিলপাড় এলাকাবাসী।
শনিবার (৪ জুলাই) সকালে এলাকাবাসীর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা আবু কাওসারের নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের দাবি, আবু কাওসারের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী আন্দোলনের ফলে এলাকায় মাদক কেনাবেচা ও সেবন প্রায় বন্ধ হয়ে যায়। এতে মাদক কারবারিদের স্বার্থে আঘাত লাগায় তাকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা বলেন, কাওসারকে আটকে রেখে বানিয়াছল-রাঙ্গামাটির মানুষকে দমানো যাবে না। এলাকায় কোনো মাদক কারবার চলতে দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী আবু কাওসারের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
রিপোর্টার্স২৪/ঝুম