বগুড়া প্রতিনিধি: দেশের বর্তমান পরিস্থিতিতে সব ধরনের বিভেদ ও মতপার্থক্য ভুলে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বগুড়ায় অনুষ্ঠিত উলামা মাশায়েখ সমাবেশের বক্তারা।
শনিবার বগুড়া শহরের নবাববাড়ি রোডস্থ টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে জেলা উলামা মাশায়েখ পরিষদের আয়োজনে ‘উলামা সমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের মহাসচিব ড. খলিলুর রহমান মাদানী। তিনি বলেন, ভারত উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে আলেম সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইসলামের স্বার্থে ও দেশের প্রয়োজনে আলেমদের ত্যাগ ও অবদান ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে।
তিনি আরও বলেন, উলামায়ে কেরামের ঐক্য ও চারিত্রিক শক্তিই তাদের সবচেয়ে বড় সম্পদ। ইসলামের স্বার্থে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য ধরে রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বায়তুস সালাত জামে মসজিদের খতিব ও ইসলামী চিন্তাবিদ আল্লামা আলী হাসান উসামা। তিনি বলেন, মাজহাবগত পার্থক্য থাকলেও ইসলামের প্রশ্নে সবাইকে এক কাতারে থাকতে হবে। অতীতের মতো বর্তমানেও ইসলামবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আলেম সমাজকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথি অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ বলেন, উলামায়ে কেরামকে শুধু ধর্মীয় পরিসরে সীমাবদ্ধ না থেকে সমাজ ও রাষ্ট্রের ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখতে হবে।
অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, সমাজে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় আলেমদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, ইসলামের আদর্শ ও মূল্যবোধ সমুন্নত রাখতে আলেম ও সাধারণ মানুষের মধ্যে ঐক্য ও সমন্বয় প্রয়োজন।
এছাড়া বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান ধরে রাখতে উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ।
উলামা মাশায়েখ পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি মাওলানা মমতাজ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল বাছেতের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে জেলার বিভিন্ন এলাকার আলেম, ওলামা ও ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
রিপোর্টার্স২৪/বাবি