কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর মন্তব্য ও কটাক্ষের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও চিত্রনায়িকা মাহিয়া মাহিসহ ছয়জনের নামে অভিযোগ দিয়েছেন এনসিপির এক নেতা। রোববার (৫ জুলাই) কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অভিযোগটি দাখিল করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য এস এম সুইট। অভিযুক্ত অন্যরা হলেন, শান্তা ফারজানা, সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলাম ও মোমিন মেহেদী।
অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনে ১৪০০ নিহত এবং ৩০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। এই জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে কয়েকজন মানুষ জুলাই বিপ্লব, স্মৃতিচিহ্ন ও আন্দোলনে অংশগ্রহণকারীদের নিয়ে প্রকাশ্যে অবমাননাকর মন্তব্য করছেন। শান্তা ফারজানা নামে একজন জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ করেছেন। অভিনেত্রী শাওন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই বিপ্লবকে সাজানো ঘটনা হিসেবে উল্লেখ্যের পাশাপাশি নানা অবমাননাকর বক্তব্য দিয়েছেন। এছাড়া সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলাম ও মোমিন মেহেদী জুলাই আন্দোলন নিয়ে বিভিন্ন সময় কটাক্ষ করছেন। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে অভিযোগপত্রে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, এনসিপির কেন্দ্রীয় সদস্য এস এম সুইট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ৬ জনের বিরুদ্ধে। এ ব্যাপারে তদন্ত করা হবে। তার আগে কোনো মন্তব্য করা সম্ভব হচ্ছে না।
রিপোর্টার্স২৪/নাঈম