রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় পাহাড়ধসে লক্ষ্মী বিলাশ চাকমা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা যায়, টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় সকালে বাড়ির পাশের একটি স্থানে কাজ করার সময় হঠাৎ পাহাড়ের একটি অংশ গাছের গোড়াসহ ধসে লক্ষ্মী বিলাশ চাকমার ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন মাটি ও গাছ সরিয়ে তার মরদেহ উদ্ধার করেন।
নিহতের বড় ভাই বিমলেন্দু চাকমা জানান, গত দুই দিনের টানা বৃষ্টিতে বাড়ির পাশের পাহাড়ের মাটি ধসে পড়ে। সকালে সেখানে কাজ করতে গেলে পুনরায় পাহাড়ধসের ঘটনায় তাঁর ভাই চাপা পড়েন।
খবর পেয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের পরিবারকে সরকারি সহায়তার আশ্বাস দেন। তিনি পাহাড়ের ঝুঁকিপূর্ণ ঢালে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানান। এ জন্য স্থানীয়ভাবে মাইকিংও করা হয়েছে।
এদিকে বাঘাইছড়ি থানার এসআই রিয়াজুল ইসলাম রানার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ সম্পন্ন করে।
রিপোর্টার্স২৪/ঝুম