রিপোর্টার্স২৪ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশ করা হচ্ছে না। কারিগরি জটিলতার কারণে ফল প্রস্তুতের কাজ শেষ না হওয়ায় প্রকাশের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃত্তি পরীক্ষার ফল আজ প্রকাশিত হচ্ছে না। আগামী সপ্তাহের শুরুর দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক সূত্র জানায়, আজই ফল প্রকাশের প্রস্তুতি ছিল। তবে কারিগরি জটিলতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রস্তুতের কাজ শেষ করা সম্ভব হয়নি। বেলা ১১টা পর্যন্ত সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও তা সম্ভব না হওয়ায় ফল প্রকাশ স্থগিত করা হয়। নতুন করে কোনো জটিলতা সৃষ্টি না হলে আগামী রোববার (১২ জুলাই) ফল প্রকাশ করা হতে পারে।
এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় কোটায় ৬৬ হাজার এবং বেসরকারি বা কিন্ডারগার্টেন কোটায় ১৬ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৩৩ হাজার শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী সাধারণ গ্রেডে নির্বাচিত হবে। ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে ৩০০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা অনুদান পাবে। অন্যদিকে সাধারণ গ্রেডের শিক্ষার্থীরা প্রতি মাসে ২২৫ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা অনুদান পাবে।
এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে প্রায় সাড়ে ৫ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং প্রায় ৯০ হাজার বেসরকারি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ছিল।
রিপোর্টার্স২৪/ঝুম