ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ (ট্যাবলেট) দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল বুধবার রাতে জেলা সদরের ভূল্লী ও হরিপুর থানা এলাকায় পৃথকভাবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং পুলিশ এই অভিযান চালায়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার বড়গাঁও ইউনিয়নের জালালী গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে মো. আজিজুল হক দুলাল (৫২) এবং হরিপুর উপজেলার পাহাড়গাঁও মধ্যপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে মো. আলামিন (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত পৌনে ১১টার দিকে ভূল্লী থানার জালালী গ্রামে একটি বিশেষ অভিযান চালায় র্যাব-১৩, সিপিসি-১ (দিনাজপুর) এর একটি আভিযানিক দল। র্যাবের ওয়ারেন্ট অফিসার মো. হাফিজুর রহমানের নেতৃত্বে দলটি আজিজুল হকের বসতবাড়ির উঠানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি সুকৌশলে পালানোর চেষ্টা করেন। এ সময় র্যাব সদস্যরা হাতেনাতে তাঁকে আটক করেন। পরে তাঁর ঘর তল্লাশি করে স্কচটেপে মোড়ানো ৩টি পোটলায় মোট ৬ কেজি শুকনো গাঁজা এবং মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি মুঠোফোন জব্দ করা হয়। উদ্ধার হওয়া এই গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
এদিকে একই রাতে হরিপুর থানা-পুলিশের একটি দল উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের বীরগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। হরিপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরজামালের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন মো. আলামিন নামের এক তরুণ। পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় পুলিশ তাঁকে ঘটনাস্থলেই আটকে ফেলে। এ সময় পলিথিনে মোড়ানো ৫টি হালকা কমলা রঙের ইয়াবা বড়ি বের করে দেন।
ভূল্লী ও হরিপুর থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব