নোয়াখালী প্রতিনিধি: ২০২৬ ফিফা বিশ্বকাপে মিসরের পরাজয় ও রেফারিংয়ে অনিয়মের অভিযোগ তুলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নোয়াখালীর এক তরুণ সমর্থক।
বুধবার রাতে সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের মান্দারতলী গ্রামের বাসিন্দা মো. রাকিব (২২) সুধারাম থানায় এ অভিযোগ নিয়ে যান। তিনি অভিযোগে ম্যাচে ‘পূর্বপরিকল্পিত জালিয়াতি’ ও সমর্থকদের আবেগ নিয়ে খেলার দাবি করে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন।
রাকিব অভিযোগে উল্লেখ করেন, গত মঙ্গলবার (৭ জুলাই) মিসর ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচে রেফারি পক্ষপাতমূলক আচরণ করেছেন। মিসরের গোল বাতিল, আর্জেন্টিনাকে পেনাল্টি দেওয়া এবং মিসরীয় খেলোয়াড়দের কার্ড দেখানোসহ বিভিন্ন সিদ্ধান্তকে তিনি অন্যায্য বলে দাবি করেন।
অভিযোগে ফিফা সভাপতি ও রেফারিসহ আরও কয়েকজনকে দায়ী করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক আইনের আওতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরনের অভিযোগ স্থানীয় থানায় গ্রহণের সুযোগ নেই। বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ের হওয়ায় অভিযোগকারীকে বিষয়টি বুঝিয়ে জানানো হয়েছে।
রাকিব জানান, থানায় মামলা না নেওয়ায় তিনি প্রয়োজনে আদালতের শরণাপন্ন হবেন এবং প্রতিবাদ কর্মসূচি পালন করবেন।
রিপোর্টার্স২৪/বাবি