রিপোর্টার্স২৪ ডেস্ক: টানা কয়েক দিনের বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে সবজির দাম। মান ও আকারভেদে বিভিন্ন ধরনের সবজি কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। একই সঙ্গে ঊর্ধ্বমুখী মাছ ও মুরগির বাজারও। তবে চালের দামে নতুন করে কোনো পরিবর্তন না এলেও আগের বাড়তি দামেই কিনতে হচ্ছে ক্রেতাদের।
শুক্রবার (১০ জুলাই) সকাল থেকে রাজধানীতে বৃষ্টি থাকলেও কাঁচাবাজারে ছিল অন্য দিনের মতোই ক্রেতাদের ভিড়। রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে কাঁচা কলার প্রতিহালি বিক্রি হচ্ছে ২০ টাকায়। মানভেদে প্রতি কেজি পেঁপে ৫০ টাকা এবং প্রতিটি চাল কুমড়ার দাম ২০ টাকা।
বর্ষাকাল হওয়ায় বাজারে বিভিন্ন ধরনের শাকের সরবরাহ বেড়েছে। লাল শাকের প্রতি আঁটি বিক্রি হচ্ছে ১০ টাকায় এবং পুঁইশাক ১৫ টাকা আঁটি। কেজিপ্রতি ৫ টাকা বেড়ে আলুর দাম হয়েছে ২৫ টাকা। একটি লাউ বিক্রি হচ্ছে ৫০ টাকায়। সাধারণ মানের বেগুন ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হলেও আগের দিনের তুলনায় বাজারভেদে এর দাম বেড়ে ৭০ থেকে ৮০ টাকায় উঠেছে। ৪০ থেকে ৬০ টাকার পটোল এখন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। মিষ্টিকুমড়ার দাম অপরিবর্তিত রয়েছে। করলার দাম কেজিতে ১০ টাকা বেড়ে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ঝিঙা ৬০-৭০, কাঁকরোল ৭০-৮০, ঢ্যাঁড়শ ও চিচিঙ্গা ৫০-৬০, কচুরলতি ৭০-৯০, বরবটি ৬০-৮০, শসা ৬০-৯০ এবং কাঁচামরিচ ৮০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
চালের বাজারে নতুন করে দাম না বাড়লেও আগের বাড়তি দামই বহাল রয়েছে। মিনিকেট চাল প্রতি কেজি ৭৫ টাকা, মোটা চাল ৫৫ থেকে ৬০ টাকা, নাজিরশাইল ৯০ টাকা এবং চিনিগুড়া চালের দাম ২০০ টাকা ছাড়িয়েছে।
মুরগির বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। গত সপ্তাহে ব্রয়লার মুরগি বাজারভেদে ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ১৭০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগি ৩৪০ থেকে ৩৬০ টাকা, লেয়ার ৩২০ থেকে ৩৪০ টাকা এবং দেশি মুরগি ৬২০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের কেজি ৭৫০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে মাছের বাজারে বড় ধরনের পরিবর্তন না থাকলেও কিছু প্রজাতির মাছের দাম তুলনামূলক বেশি। বড় রুই মাছ ৪৫০ থেকে ৫৫০ টাকা, মাঝারি রুই ৩৫০ থেকে ৪৫০ টাকা এবং ছোট রুই ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। কাতল আকারভেদে ৩৪০ থেকে ৪৮০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২৫০ টাকা, শিং ৪০০ থেকে ৫০০ টাকা, পাবদা ৩০০ থেকে ৪৫০ টাকা, টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা, পাঙাশ ১৮০ থেকে ৩৫০ টাকা, চাষের কৈ ২০০ থেকে ২৮০ টাকা, সিলভার কার্প ১৮০ থেকে ২৪০ টাকা এবং চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম