বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে কেন্দ্র করেই বড়পর্দায় ফিরছে পরিচালক কৌশিক গাঙ্গুলীর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। শুক্রবার (১০ জুলাই) মুক্তি পাচ্ছে ছবিটি।
২০২৩ সালে দর্শকপ্রিয়তা পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার দ্বিতীয় কিস্তি এটি। পরিচিত চরিত্রগুলো এবার ফিরছে নতুন গল্প ও অপ্রত্যাশিত মোড় নিয়ে। মুক্তিকে সামনে রেখে গত কয়েক সপ্তাহ ধরে প্রচারে ব্যস্ত সময় পার করছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা।
বহুল প্রশংসিত প্রথম কিস্তির ধারাবাহিকতায় এবারও জয়া আহসানের চরিত্রকে ঘিরেই এগিয়েছে সিনেমার গল্প। প্রথম পর্বে তার অভিনয় দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। নতুন কিস্তিতেও তার চরিত্রের আবেগ, সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের নানা দ্বন্দ্বই গল্পের মূল চালিকাশক্তি হয়ে উঠেছে।
প্রথম পর্বের সাফল্য এবং জয়া আহসানের জনপ্রিয়তার কারণে ‘আজও অর্ধাঙ্গিনী’ ঘিরে দর্শকদের আগ্রহও তুঙ্গে। সম্পর্কের সূক্ষ্ম অনুভূতি, মানুষের অন্তর্গত দ্বন্দ্ব এবং জীবনের জটিল বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি আবারও দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে বলেই প্রত্যাশা নির্মাতার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক কৌশিক গাঙ্গুলী জানান, প্রথম সিনেমা নির্মাণের সময় থেকেই দ্বিতীয় কিস্তির পরিকল্পনা ছিল তার। তবে দর্শকদের অভূতপূর্ব ভালোবাসা ও ইতিবাচক সাড়াই সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে অনুপ্রাণিত করেছে।
তিনি বলেন, ‘অর্ধাঙ্গিনী’ মুক্তির পর যেখানেই গেছেন, সেখানেই সিনেমাটি নিয়ে দর্শকদের আলোচনা শুনেছেন। এমনকি একই সময়ে বড় বাজেটের একটি জনপ্রিয় সিনেমা মুক্তি পেলেও দর্শকের ভালোবাসা অর্জনে পিছিয়ে পড়েনি ‘অর্ধাঙ্গিনী’।
কৌশিক গাঙ্গুলীর ভাষায়, একটি সিনেমা অনেকটা গাছের মতো। নির্মাতা কেবল বীজ বপন করতে পারেন, কিন্তু সেটি বড় হয়ে ওঠে দর্শকের ভালোবাসা, গ্রহণযোগ্যতা ও সমর্থনে। সেই ভালোবাসারই ফসল ‘আজও অর্ধাঙ্গিনী’।
নির্মাতা জানান, নতুন সিনেমার গল্প আবর্তিত হয়েছে সম্পর্কের জটিলতা, অতীত ও বর্তমানের টানাপোড়েন এবং মানুষের না-বলা অনুভূতিকে ঘিরে। অতীত কখনো পুরোপুরি মুছে যায় না এই উপলব্ধিই সিনেমাটির অন্যতম ভিত্তি।
‘অর্ধাঙ্গিনী’-এর দুই কিস্তিতেই জয়া আহসানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন চূর্ণী গাঙ্গুলি। তাদের রসায়নও দর্শকদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
নারীকেন্দ্রিক গল্প নিয়ে কাজ করার প্রসঙ্গে কৌশিক গাঙ্গুলী বলেন, পর্দায় নারীর অনুভূতি, মনস্তত্ত্ব ও জীবনসংগ্রাম তুলে ধরতে তিনি সবসময় আগ্রহী। একজন নির্মাতার জন্য নারী চরিত্রের গভীরতা অনুসন্ধান একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল দায়িত্ব বলেও মনে করেন তিনি।
এদিকে সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় কাটছে জয়া আহসানের। টানা বৃষ্টি উপেক্ষা করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াতে গিয়ে ঠান্ডায়ও আক্রান্ত হয়েছেন তিনি। ওষুধ খেয়েই প্রচারের দায়িত্ব পালন করছেন। অসুস্থতার মধ্যেও দর্শকদের উচ্ছ্বাস তাকে অনুপ্রাণিত করছে।
জয়া বলেন, দর্শকদের আগ্রহ সত্যিই অসাধারণ। আগের সিনেমাটি সবাই ভালোবেসেছিলেন। এবার ট্রেলার প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়েছে। যেসব হলে সিনেমাটি মুক্তি নিশ্চিত হয়েছে, সেগুলোর অনেক শোর টিকিট ইতোমধ্যেই হাউজফুল। পূর্ণাঙ্গ হল তালিকা প্রকাশের পর দর্শকরা আরও সহজে টিকিট সংগ্রহ করতে পারবেন।
তিন বছর পর ‘অর্ধাঙ্গিনী’-এর প্রত্যাবর্তন নিয়ে নতুন কী চমক থাকছে এমন প্রশ্নে রহস্য বজায় রেখেই জয়া বলেন, একটাই কথা বলতে পারি এবার ডোজটা একটু কড়া।
বলতে দ্বিধা নেই, পরিচালক কৌশিক গাঙ্গুলীর সিনেমার মাধ্যমেই পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন জয়া আহসান। ‘বিসর্জন’, ‘বিজয়া’ এবং ‘অর্ধাঙ্গিনী’-র মতো সিনেমায় তার অভিনয় তাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।
কৌশিক গাঙ্গুলী সম্পর্কে জয়া বলেন, তিনি শুধু একজন অসাধারণ নির্মাতাই নন, একজন দক্ষ অভিনেতা ও অনন্য চিত্রনাট্যকারও। তার ভাষায়, “সম্পর্ক নির্মাণের চিত্রনাট্য লেখায় পিএইচডির ওপরে যদি কোনো ডিগ্রি থাকত, সেটার অধিকারী হতেন কৌশিক দা।”
নতুন সিনেমা নিয়ে রহস্য আরও বাড়িয়ে জয়া বলেন, “‘আজও অর্ধাঙ্গিনী’তে এমন কিছু কৌতূহলের পারদ রয়েছে, যা এক লাফে আকাশ ছুঁতে পারে। সিনেমাটিতে এমন কিছু জটিল ও স্পর্শকাতর পরিস্থিতি আছে, আমি চাই আমার কোনো শত্রুও যেন জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি না হয়।”
উল্লেখ্য, জয়া আহসান ছাড়াও ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায় অভিনয় করেছেন চূর্ণী গাঙ্গুলি, কৌশিক সেন, অম্বরিশ ভট্টাচার্য, লিলি চক্রবর্তী, ইন্দ্রাশিস রায়, রায়া ভট্টাচার্য ও ডিম্পল আচার্যসহ আরও অনেকে।
রিপোর্টার্স২৪/ঝুম