ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় চকলেটের প্রলোভন দেখিয়ে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবক সুমন আহমেদকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত সুমন উপজেলার মানকোন ইউনিয়নের নিমুরিয়া (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা। এই ঘটনায় শিশুটির মা শাহিনা আক্তার বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ জুলাই বিকেল আনুমানিক ৩টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় প্রতিবেশী সুমন আহমেদ তাকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কৌশলে পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যান। সেখানে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়ায় ভয়ে বিষয়টি গোপন রাখে শিশুটি। তবে ঘটনার পর থেকেই সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে শিশুটি খেলার ছলে প্রতিবেশী এক কিশোরীর কাছে ঘটনার বর্ণনা দিলে বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয়দের নজরে আসে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত সুমন আহমেদকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসামিকে নিজেদের হেফাজতে নেয়।
এই বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, চকলেটের প্রলোভন দেখিয়ে আট বছরের এক শিশুকে নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভয়ে শিশুটি তাৎক্ষণিকভাবে বিষয়টি কাউকে না জানালেও পরবর্তীতে খেলার সময় প্রতিবেশী এক শিশুকে তা জানায়।
ওসি আরও জানান, এই ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সুমন ধর্ষণের কথা স্বীকার করেছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব