বিনোদন ডেস্ক: চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে মরক্কোর বিদায়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে মরক্কোর বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর স্টেডিয়াম থেকেই আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
মরক্কো বংশোদ্ভূত এই তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে স্টেডিয়ামের আবেগময় মুহূর্তের কয়েকটি ভিডিও শেয়ার করেন। নিজের প্রিয় দলের বিদায়ে কষ্ট প্রকাশ করলেও মরক্কোর অসাধারণ পারফরম্যান্সে গর্বিত বলেও জানিয়েছেন তিনি।
ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় নোরা বলেন, ‘আজ আমার জন্য বিশ্বকাপের যাত্রা আনুষ্ঠানিকভাবে শেষ হলো। এটি অত্যন্ত আবেগঘন একটি মুহূর্ত। মরক্কোর হার আমাকে ভীষণ কষ্ট দিয়েছে। তবে ফ্রান্স অবশ্যই একটি শক্তিশালী দল। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দারুণ লড়াই করার জন্য আমি মরক্কো দলের প্রতি অত্যন্ত গর্বিত। আমার মতো যারা হৃদয় দিয়ে দলকে সমর্থন করেছেন, তাদের নিয়েও আমি গর্বিত। আমরা আমাদের জাতীয় দলকে নিয়ে গর্ব করি।’
উল্লেখ্য, ২০২২ সালের ফিফা বিশ্বকাপ থেকেই মরক্কো জাতীয় দলের অন্যতম পরিচিত সমর্থক হিসেবে আলোচনায় রয়েছেন নোরা ফাতেহি। চলতি ২০২৬ বিশ্বকাপেও শুরু থেকেই দলের প্রায় প্রতিটি ম্যাচে গ্যালারিতে দেখা গেছে তাকে। বছরের শুরুতে ব্রাজিলের বিপক্ষে মরক্কোর উদ্বোধনী ম্যাচেও স্টেডিয়ামে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ জুগিয়েছিলেন তিনি।
এদিকে মরক্কো দলের অধিনায়ক আশরাফ হাকিমির সঙ্গে নোরা ফাতেহির প্রেমের সম্পর্ক রয়েছে—এমন গুঞ্জনও দীর্ঘদিন ধরে শোবিজ অঙ্গনে আলোচনা হয়ে আসছে। যদিও এ বিষয়ে কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।
রিপোর্টার্স২৪/ঝুম