স্টাফ রিপোর্টার: জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শনিবার (১১ জুলাই) জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই হত্যাযজ্ঞের বিচার দ্রুত সম্পন্ন করতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে জুলাইয়ে আহত ব্যক্তিরা ও শহীদ পরিবারের সদস্যরা গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ করেন। এ সময় বিচারপ্রক্রিয়ার গতি আরও বাড়ানোর তাগিদ দেন তাঁরা।
জবাবে চিফ প্রসিকিউটর বলেন, অপরাধীদের বিচার নিশ্চিত করতে প্রসিকিউশন টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো অপরাধীই পার পাবে না।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও বক্তব্য দেন। এ সময় তিনি জুলাইয়ের শহীদ ও আহত বীরদের স্বপ্ন পূরণে অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানান।
রিপোর্টার্স২৪/ধ্রুব