ময়মনসিংহ প্রতিনিধি: নগরীর জলাবদ্ধতা নিরসন ও ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে শনিবার (১১ জুলাই) নগরীর বাঁশবাড়ী কলোনী ও সেহড়া ধোপাখলা এলাকায় ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
অভিযানে ড্রেনের ভেতরে দীর্ঘদিন ধরে জমে থাকা লেপ-তোষক, প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করা হয়। এসব বর্জ্যের কারণে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হচ্ছিল।
সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মহব্বত আলী জানান, নগরীর ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা, জলাবদ্ধতা কমানো এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি নাগরিকদের ড্রেন ও নালায় বর্জ্য না ফেলার আহ্বান জানিয়ে বলেন, নির্ধারিত স্থান ও সময়ে ময়লা ফেললে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে।
রিপোর্টার্স২৪/বাবি