স্টাফ রিপোর্টার: মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দুই দেশের সরকারের পারস্পরিক সমঝোতা ছাড়া বাংলাদেশে এসে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম।
অভ্যুত্থানের পর থেকে ভারতে নির্বাসিত শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার হয়েই কারাগারে যেতে হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর।
রোববার (১২ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে শেখ হাসিনার আত্মসমর্পণ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ব্যক্তিগতভাবে আসার সুযোগ নেই উল্লেখ করে মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা ভারত সরকারের আশ্রয়ে নির্বাসনে আছেন। ব্যক্তিগতভাবে এসে স্বাধীনভাবে আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। নির্বাসনে থেকে তাকে দণ্ডিত হিসেবে গ্রেপ্তার হয়েই আসতে হবে। আসতে হলে ভারত সরকারকেই তাকে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করতে হবে।’
চিফ প্রসিকিউটর জানান, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের মামলার তদন্ত শেষ হয়েছে। আগামী ২১ জুলাই মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
এ সময় ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনাসহ ট্রাইব্যুনালে চলমান প্রধান ১০টি মামলার তদন্তও শেষ পর্যায়ে রয়েছে এবং এসব মামলার তদন্ত প্রতিবেদন খুব শিগগিরই ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানান মোহাম্মদ আমিনুল ইসলাম।
গত ৯ জুলাই রাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে দেওয়া প্রায় ঘণ্টাব্যাপী এক সাক্ষাৎকার দেন শেখ হাসিনা। এ সময় আগামী ডিসেম্বরেই দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনার কথা জানান তিনি।
শেখ হাসিনা শুধু একাই নন, নির্বাসিত জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতারাও তার সঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন বলে আশা প্রকাশ করেন সাবেক এই প্রধানমন্ত্রী।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছাড়ার পর এই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক গণমাধ্যমকে সরাসরি সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা। এর আগে তিনি বিভিন্ন গণমাধ্যমের লিখিত প্রশ্নের উত্তর দিলেও টেলিফোনে বা সরাসরি সাক্ষাৎকার দেননি।
রিপোর্টার্স২৪/ধ্রুব