স্টাফ রিপোর্টার: 'ফ্যাসিস্ট' সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে, তবে জোটের মধ্যে কোনো বিভেদ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্য বাস্তবায়নে সব শরিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকার গঠনের পর শরিক নেতাদের সঙ্গে এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক সৌজন্য বৈঠক।
তারেক রহমান বলেন, আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও একসঙ্গেই থাকব। আমাদের মধ্যে মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু ভুল বোঝাবুঝির কোনো কারণ নেই।
তিনি বলেন, ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা এবং জুলাই সনদের লক্ষ্য বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ভিন্নমত থাকতে পারে, তবে সে কারণে জোটে বিভেদের সুযোগ নেই। ৩১ দফা হোক কিংবা জুলাই সনদ—এই লক্ষ্য নিয়েই আমরা দেশকে সামনে এগিয়ে নেব।
‘গুপ্ত’ শক্তির সমালোচনা
আওয়ামী লীগ সরকারের সময়ের আন্দোলনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, আন্দোলনের কঠিন সময়ে কিছু রাজনৈতিক শক্তিকে রাজপথে দেখা যায়নি। নাম উল্লেখ না করে তিনি বলেন, একটি শব্দ ‘গুপ্ত’ বললেই মানুষ চেনে। গত ১৭ বছর আন্দোলনের মাঠে তাদের দেখা যায়নি। শেষের দিকে কিছু জায়গায় তাদের উপস্থিতি দেখা গেলেও রাজপথের সংগ্রামে তারা ছিল না।
তিনি দাবি করেন, জনগণ যুগপৎ আন্দোলনের শরিকদের ওপরই আস্থা রেখেছে এবং তারাই দেশকে এগিয়ে নিতে সক্ষম।
ঐক্যের ওপর জোর
প্রধানমন্ত্রী বলেন, জনগণের আস্থা ধরে রাখতে হলে সব শরিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
দেশের মানুষের প্রত্যাশা আমাদের ওপর। আগে জনগণের দেওয়া দায়িত্ব পালন করি, তারপর নিজেদের বিষয় নিয়ে ভাবব, বলেন তিনি।
৩১ দফা এখন জনগণের কর্মসূচি
বক্তব্যে তারেক রহমান বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় যুগপৎ জোটই প্রথম রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি জনগণের সামনে উপস্থাপন করেছিল। তখন অনেকেই সংস্কারের কথা বলেননি, কিন্তু পরে একই বিষয়ে কথা বলতে শুরু করেন।
তিনি দাবি করেন, সাম্প্রতিক নির্বাচনে জনগণ ৩১ দফার পক্ষে রায় দিয়েছে। এটি এখন শুধু রাজনৈতিক দলগুলোর নয়, বাংলাদেশের জনগণের ৩১ দফায় পরিণত হয়েছে।
‘গুপ্ত বাহিনী’ প্রসঙ্গ
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি ‘গুপ্ত বাহিনী’ বিভিন্নভাবে সক্রিয় হয়ে ওঠে এবং নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হলেও ভোটাররা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের এক সাবেক উপদেষ্টা সম্প্রতি তাকে জানিয়েছেন, সরকারের ভেতরে ‘গুপ্ত বাহিনীর’ ব্যাপক প্রভাব ছিল এবং তারা প্রশাসনিক বিভিন্ন সিদ্ধান্তে প্রভাব বিস্তার করত।
‘ফেয়ারওয়েল ডিনার’ নয়
নৈশভোজকে কেন্দ্র করে বিভিন্ন আলোচনার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, কেউ বলেছেন এটি ফেয়ারওয়েল ডিনার। কেন ফেয়ারওয়েল হবে? ফেয়ারওয়েল যদি দিতে হয়, স্বৈরাচার কিংবা গুপ্ত শক্তিকেই দেওয়া যাবে। আমরা যারা একসঙ্গে আন্দোলন করেছি, আমরা একসঙ্গেই থাকব।
শরিকদের প্রতি দুঃখ প্রকাশ
শরিক দলগুলোর নেতাদের উদ্দেশে তারেক রহমান বলেন, অনেক দিন একসঙ্গে বসার সুযোগ হয়নি বলেই এই আয়োজন। জোটের প্রবীণ নেতাদের কোনো কষ্ট বা অভিমান থাকলে ছোট ভাই হিসেবে তা তিনি গ্রহণ করছেন এবং এ জন্য দুঃখ প্রকাশ করছেন।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনেক। আমাদের ধৈর্য ধরে সবাইকে সঙ্গে নিয়ে সেই প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।
নৈশভোজে উপস্থিতি
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
নৈশভোজে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমান পার্থ, গণফোরামের সুব্রত চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মহিউদ্দিন ইকরামসহ যুগপৎ জোটের বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান ও আবদুল আউয়াল মিন্টুসহ দলের জ্যেষ্ঠ নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে শরিক নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরে সবার সঙ্গে একই সারিতে দাঁড়িয়ে বুফে থেকে খাবার নিয়ে এক টেবিলে নৈশভোজে অংশ নেন।
রিপোর্টার্স২৪/বাবি