শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে জেলা শহরের আদালত (কোর্ট) এলাকা থেকে পালং মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, গত ২৮ জুন শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা আহ্বায়ক মহসিন মাদবরের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় পালং মডেল থানা পুলিশ বাদী হয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে।
তদন্তে ওই মিছিলে অর্থ সহায়তা ও উসকানি দেওয়ার অভিযোগে আনোয়ার হোসেন হাওলাদারের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের। এ অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, “আনোয়ার হোসেন হাওলাদারের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কার্যক্রমে অর্থ ও পরামর্শ দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করে আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকার কিছু তথ্য-উপাত্ত পাওয়া গেছে। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
তবে এ বিষয়ে গ্রেফতার হওয়া আনোয়ার হোসেন হাওলাদার বা তার আইনজীবীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/ধ্রুব