পঞ্চগড় প্রতিনিধি: জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের সদস্যদের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি নিজের সরকারি বেতন-ভাতার অর্থ থেকে চারটি শহীদ পরিবারকে মাসিক আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি দুই শহীদ পরিবারের সদস্যের সরকারি চাকরির ব্যবস্থা করেছেন।
জানা গেছে, প্রতিমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকেই ব্যক্তিগত উদ্যোগে জেলার চারটি জুলাই শহীদ পরিবারকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়ে আসছেন। একই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে বাকি দুই শহীদ পরিবারের সদস্যকে উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের অফিস সহায়ক পদে নিয়োগের উদ্যোগ নেন।
সরকারি বিধান অনুযায়ী উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক নিয়োগের সুযোগ রয়েছে। সেই বিধান অনুসরণ করে শহীদ পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। তার সুপারিশের ভিত্তিতে বোদা ও দেবীগঞ্জ উপজেলা পরিষদে দুই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়।
এর মধ্যে বোদা উপজেলা পরিষদে জুলাই শহীদ সুমনের বোন অফিস সহায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। অন্যদিকে দেবীগঞ্জ উপজেলা পরিষদে একই পদে যোগ দিয়েছেন জুলাই শহীদ আবু সাইদের ছেলে মামুন ইসলাম।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীৎ শাহ জানান, প্রতিমন্ত্রীর নির্দেশনা ও সুপারিশের ভিত্তিতে জুলাই শহীদ আবু সাইদের ছেলে মামুন ইসলামকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলামও বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিমন্ত্রীর সুপারিশে জুলাই শহীদ সুমনের বোনকে অফিস সহায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শহীদ পরিবারের প্রতি সম্মান জানানো এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা একটি ইতিবাচক উদ্যোগ।
এ বিষয়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনার পাশাপাশি ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনাকেও সরকার সমান গুরুত্বের সঙ্গে ধারণ করে। সেই দায়বদ্ধতা থেকেই তিনি শপথ নেওয়ার পর নিজের সরকারি বেতন থেকে প্রতি মাসে চারটি শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করছেন। পাশাপাশি কর্মসংস্থানের মাধ্যমে বাকি দুই পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগও বাস্তবায়ন করা হয়েছে।
তিনি বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির জন্য গৌরবের। তাদের পরিবারের পাশে দাঁড়ানো শুধু সরকারের নয়, সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব।
রিপোর্টার্স২৪/বাবি