স্টাফ রিপোর্টার: টানা অতিবৃষ্টি, ক্ষেত নষ্ট হওয়া এবং পরিবহন ব্যবস্থার বিঘ্ন ঘটায় সরবরাহ ঘাটতির মুখে পড়েছে রাজধানীর কাঁচাবাজারগুলো। এতে কাঁচা মরিচ, পেঁয়াজ, সবজি, মুরগি ও মাছসহ প্রায় সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার, নিউমার্কেটসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে এ পরিস্থিতি লক্ষ্য করা গেছে।
বাজারে ঘুরে ঘুরে দেখা গেছে, বাজারে এখন বেশিরভাগ সবজির দাম কেজিপ্রতি ১০০ টাকার ওপরে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি, কোথাও কোথাও ৩২০ টাকাও নেওয়া হচ্ছে। টমেটো ১৬০ টাকা, গাজর ১৩০ টাকা, বরবটি ১২০ টাকা, করলা ১২০ টাকা, উচ্ছে ১৪০ টাকা, লম্বা বেগুন ১২০ টাকা, গোল বেগুন ১৬০ টাকা, শসা ১৪০ থেকে ১৬০ টাকা, কচুর লতি ১০০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, ঢ্যাঁড়শ ও চিচিঙ্গা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ প্রতি পিস ১০০ টাকা এবং চাল কুমড়া ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
পেঁয়াজের বাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। কয়েকদিন আগেও ৩৫ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হওয়া পেঁয়াজ এখন মানভেদে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে ফার্মের ডিমের ডজন ১৪০ টাকায় উঠেছে, যা কয়েকদিন আগেও ছিল ১৩০ টাকা।
মুরগির দামও বেড়েছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৯০ থেকে ২১০ টাকা এবং সোনালি মুরগি ৩৫০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারেও একই চিত্র। দুই থেকে আড়াই কেজি ওজনের রুই মাছ, যা কিছুদিন আগেও ৩৫০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হতো, এখন ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি। তেলাপিয়া, পাঙাসসহ প্রায় সব ধরনের মাছের দাম কেজিপ্রতি ২০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। চাষের চিংড়ি ৯০০ থেকে ১২০০ টাকা এবং এক কেজি ওজনের ইলিশ ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে এসেছেন সরকারি চাকরিজীবী হায়দার আলী। সবজির এমন বাড়তি দামের বিষয়ে তিনি বলেন, গত কিছুদিন ধরেই সবজির দাম বাড়তি যাচ্ছে। তবে আজ এসে দেখছি, সবজির দাম আরও বেড়েছে। বলতে গেলে বাজারে ১০০ টাকার নিচে কোনো সবজি নেই। বেশিরভাগ সবজি ১০০ থেকে ১৬০ টাকা কেজি। কাঁচা মরিচ কিনলাম ২৮০ টাকা কেজি, অনেক জায়গায় আবার ৩০০ টাকা। এত দাম দিয়ে সবজি কিনে খাওয়া কি সম্ভব?
বর্ষায় বৃষ্টির কারণে সবজির দাম বাড়তে পারে। তাই বলে এতটা বাড়বে আর বাজারে কোনো মনিটরিং হবে না, সেটা কীভাবে হয়? বিক্রেতারা যে যার মতো করে দাম বাড়িয়ে বিক্রি করছেন। কোনটার কত বাড়বে, সেটা দেখার মনে হয় কেউ নেই।
একই রকম অভিযোগ জানিয়ে রামপুরা বাজারের আরেক ক্রেতা মাসুদ রানা বলেন, গত কিছুদিন তাও ৮০ থেকে ১০০ টাকার মধ্যে সবজিগুলো ছিল। আজকের বাজারে বেশিরভাগ সবজি ১০০ থেকে ১৬০ টাকা। সবজিই যদি এত বেশি দামে কিনে খেতে হয়, তাহলে মাছ, মাংস আর মুরগি কীভাবে কিনব? সেগুলোর তো আরও বেশি দাম।
বিক্রেতারা জানান, পাবনা, ফরিদপুর ও কুষ্টিয়া থেকে মূলত ঢাকায় পেঁয়াজ আসে। তবে টানা বৃষ্টির কারণে গাড়ি বের হতে না পারায় আজ বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে।
বিক্রেতা নিশান আহমেদ বলেন, ‘আমরা বাড়তি দামে কিনে আনছি, তাই বাধ্য হয়ে আগের চেয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে কিছু অসাধু ব্যবসায়ীদের বিষয়টি ভিন্ন, তারা সব সময় সুযোগে অপেক্ষায় থাকে। সুযোগ পেলেই দাম বাড়িয়ে দেয়।’
রিপোর্টার্স২৪/ধ্রুব