শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে অটোরিকশা শ্রমিকদের গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে মানববন্ধনে অংশ নিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ এবং তাদের সংগঠনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হয়েছে বলে দাবি করেছে শরীয়তপুর জেলা অটো শ্রমিক ঐক্য পরিষদ।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে শরীয়তপুর শহরে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সংগঠনের সভাপতি হেমায়েত হোসেন লাভলু খান।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মো. রোকন সরদার, ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. বিল্লাল বেপারী, দপ্তর সম্পাদক আলী আহম্মেদ সহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে হেমায়েত হোসেন লাভলু খান বলেন, একটি মহল তাদের সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলেসপরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।
তিনি দাবি করেন, মানববন্ধনে লোকসমাগম বাড়াতে শহরের বিভিন্ন সড়ক থেকে চলন্ত অটোরিকশা থামিয়ে চালক ও শ্রমিকদের জোর করে নামানো হয়েছে। এমনকি কি বক্তব্য দিতে হবে, সেটিও তাদের শিখিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরো অভিযোগ করে বলেন, কিছু লোক তাদের সংগঠনের বিরুদ্ধে এসব অপপ্রচার চালিয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
এদিকে, একই দিন বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ইমরান আল নাজির, তাজমুল মাঝি ও হৃদয় চৌকিদারের নেতৃত্বে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি কমিটির নামে এখনো অটোরিকশা থেকে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে। তারা বলেন, “ফ্যাসিস্ট আমলের মতো এখনো শ্রমিকদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। কোনো অটোরিকশা থেকে চাঁদা নেওয়া চলবে না। চাঁদাবাজির অধিকার কাউকে দেওয়া হয়নি।
রিপোর্টার্স২৪/ধ্রুব