স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে দেশের সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, বাহিনীর আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী ও নৌপ্রধান।
এ সময় প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। একই সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করেন।
ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম গত ২৩ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ওই দিন তাঁকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি দেওয়া হয়। তিনি বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হয়েছেন।
নতুন নৌপ্রধানের দায়িত্বকাল ২০২৯ সালের ২২ জুলাই পর্যন্ত তিন বছর। দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটি তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ।
রিপোর্টার্স২৪/বাবি