বগুড়া প্রতিনিধি: উত্তরাঞ্চলের বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধার উন্নয়ন বৈষম্য দূর করে কৃষি, শিল্প, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন বক্তারা।
শনিবার (২৫ জুলাই) সকালে বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার আয়োজনে ‘উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে এ আহ্বান জানানো হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অন্যতম প্রেক্ষাপট ছিল বৈষম্য। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময়ে উত্তরাঞ্চল দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত ছিল। বর্তমান সরকার পিছিয়ে পড়া এ অঞ্চলের উন্নয়নসহ সারাদেশে সুষম উন্নয়নে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, দেশের বিদ্যুৎ ঘাটতি দূর করতে আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সারা দেশে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর কাজও শুরু হয়েছে।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, ‘বাংলাদেশের ইতিহাস বিকৃত করার একমাত্র দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তারা নিজেদের মতো করে ইতিহাস তৈরি করেছিল।’ তিনি আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক পরিস্থিতি থেকে দেশকে পুনরুদ্ধারে বর্তমান সরকার কাজ করছে বলেও দাবি করেন।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, উত্তরাঞ্চলের পাঁচ জেলা দীর্ঘদিন অবহেলার শিকার হয়েছে। এসব জেলার উন্নয়নে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে এবং পর্যায়ক্রমে উন্নয়ন চাহিদা পূরণ করা হবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করতে চায়।
সেমিনারে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান প্রশাসনিক বিকেন্দ্রীকরণের স্বার্থে বগুড়াকে বিভাগ ঘোষণার দাবি জানান। তিনি বলেন, এতে উত্তরাঞ্চলের প্রশাসনিক সেবা ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হতে পারে।
বক্তারা বলেন, উত্তরাঞ্চলের পাঁচ জেলায় কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও মানবসম্পদ উন্নয়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনা কাজে লাগাতে শিল্পায়ন ত্বরান্বিত করা, আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলা, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং কর্মসংস্থান বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। একই সঙ্গে আঞ্চলিক বৈষম্য কমিয়ে জাতীয় উন্নয়নের সুফল সুষমভাবে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বগুড়ার প্রবীণ বুদ্ধিজীবী ডা. সিএম ইদরিসের সভাপতিত্বে সেমিনারে বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধার বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক, সাবেক জনপ্রতিনিধি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ জন শিক্ষক-গবেষক অংশ নেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটারিয়ান ডা. মতিউর রহমান ও সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার।
রিপোর্টার্স২৪/বাবি