কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলা শহরের ডিসি পার্কের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে কাওসার (২৫) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে কুষ্টিয়া ডিসি পার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত কাওসার পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ইসলামপাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে। তিনি কুষ্টিয়া সদর উপজেলার উদিবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। সে কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।
নিহতের বন্ধু শাওন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন বন্ধু মিলে ডিসি পার্কের পুকুরে গোসল করতে নামেন। এক পাশ থেকে অন্য পাশে সাঁতার কেটে যাওয়ার সময় কাওসার পুকুরের মাঝখানে গিয়ে হঠাৎ ডুবে যেতে থাকেন এবং বাঁচানোর জন্য চিৎকার করেন।বন্ধুরা জানান কাওসার অল্প সাঁতার জানতেন। তাকে উদ্ধার করতে শাওন পানিতে ঝাঁপ দিলেও কাওসার ততক্ষণে পানির নিচে তলিয়ে যান। পরে ফায়ার সার্ভিস খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর তাকে উদ্ধার করতে সক্ষম হয় তারা।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডা. ইকবাল হোসেন বলেন, পুকুরে ডুবে যাওয়া কলেজ ছাত্রকে ফায়ার সার্ভিসের ইউনিটের লোক উদ্ধার করে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে এসেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।