নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা সদর উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া গ্রামে নিজ বসতঘরে মাহফুল মিয়া ওরফে মাসুল (যুবক) নামে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২৬ জুলাই) ভোরে নিজ কক্ষ থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মাহফুল মিয়া ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। তিনি নিজ বাড়িতেই বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ১২টার দিকে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান মাহফুল। ভোর ৫টার দিকে তাঁর মা ঘুম থেকে উঠে ছেলের কক্ষের দরজা খোলা দেখতে পান। পরে টর্চের আলো দিয়ে ভেতরে তাকিয়ে মাহফুলকে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাটি দেখতে পান।
খবর পেয়ে নেত্রকোণা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তদন্তের অগ্রগতির সঙ্গে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।
রিপোর্টার্স২৪/বাবি