রিপোর্টার্স২৪ ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। অতএব, কোনো ধর্মাবলম্বীকে যদি কেউ ব্যবহার করতে চায়, রাষ্ট্রকে কোনো ধর্মের মাধ্যমে গ্রাস করবে এ ধরনের সাম্প্রদায়িকতা ধর্মবিরোধী।
শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘ধর্মবিশ্বাস, ধর্মচর্চাকে পুঁজি করে কোনো মহল কাউকে পকেটে নেওয়ার চেষ্টা করলে ধর্মবাদী মানুষ তাদের চিহ্নিত করবেন। বাংলাদেশে ধর্ম, বর্ণ বিবেচনায় কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না।’
তিনি আরো বলেন, ‘যখনই ধর্মবিশ্বাসকে, চর্চাকে কোনো মহল একটি সাম্প্রদায়িক পকেটে পরিণত করার চেষ্টা করবে, সঙ্গে সঙ্গে ধর্মবান মানুষ ওই ধর্মব্যবসায়ীকে চিহ্নিত করবেন।
রাজনৈতিক নেতাদের সব বক্তব্য জনগণের কল্যাণের জন্য। যতক্ষণ পর্যন্ত জনগণ তার জন্য কল্যাণকর মনে করবে, ততক্ষণ পর্যন্ত সেই দল, সেই মার্কা জনগণের কাছে গ্রহণযোগ্য থাকবে।’
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন এবং বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।
অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান বক্তা হিসেবে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় কমিটির সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মাসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের অন্য নেতারা সম্মেলনে বক্তব্য দেন। বক্তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
সম্মেলনের এক বিশেষ পর্বে বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদসহ ৫ জন বীর মুক্তিযোদ্ধাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া সনাতন ধর্মাবলম্বী সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রী রাখাল চন্দ্র দে এবং বিজয়কৃষ্ণ দে-কে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয়।
রিপোর্টার্স২৪/ঝুম