রিপোর্টার্স ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওর সঙ্গে নিজের ছবি জুড়ে ভুল পরিচয় দিয়ে অপপ্রচার ও মানহানির অভিযোগ তুলেছেন রাহিমিন মারিয়া এলিন ওরফে মারিয়া সরকার নামে পঞ্চগড়ের এক কলেজছাত্রী।
এ ঘটনায় বিচার দাবি করে শুক্রবার (৩১ জুলাই) বিকেলে পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে মারিয়া সরকার জানান, সম্প্রতি পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও এবং সংশ্লিষ্ট বিভিন্ন পোস্টে তার পুরোনো ছবি ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এতে তাকে ভুলভাবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ভাইরাল ভিডিওতে হিন্দু তরুণীর কথা বলা হয়েছে, কিন্তু অনেকেই ইচ্ছাকৃতভাবে আমার ছবি ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করছেন। এর ফলে আমার ব্যক্তিগত, সামাজিক ও শিক্ষাজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। মানসিকভাবে আমি চরম বিপর্যয়ের মধ্যে রয়েছি।
মারিয়া সরকার বলেন, আমি এরকম কোনো ঘটনার সঙ্গে জড়িত নই। আমার ছবি ব্যবহার করে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমাকে বাঁচতে দিন। প্রতিমন্ত্রীর সঙ্গে নির্বাচনের আগে এই ছবিটি তুলেছিলাম। প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরালের তিন দিন আগে আমি ছবিটি পোস্ট করে আবার দুই ঘণ্টা পর ডিলিট করে দেই। তারপরও সেই ছবি সেভ করে রাখা হয়। প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল হলে সেখানে আমার ওই ছবি জুড়ে দিয়ে পোস্ট করা হচ্ছে। এখন আমি কারও সামনে মুখ দেখাতে পারছি না।
অবিলম্বে এ ধরনের অপপ্রচার বন্ধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে মারিয়া সরকার জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য ও ছবি প্রচার না করার আহ্বান জানান তিনি। মিডিয়াকেও আরও দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানান তিনি।
রিপোর্টার্স২৪/ধ্রুব