বগুড়া প্রতিনিধি: বগুড়ার সাংস্কৃতিক সংগঠন ‘দল অন্যরকম’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে গান, কবিতা, নৃত্য, বাদ্যযন্ত্র পরিবেশনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিকেল ৪টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির। এছাড়া সরকারি মজিবর রহমান ভাণ্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. বেল্লাল হোসেন, টিএমএসএসের প্রধান নির্বাহী অধ্যাপক ড. হোসনে আরা বেগম, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া সাংস্কৃতিক ফোরামের প্রধান সমন্বয়কারী কে এম খায়রুল বাশার, বিট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সাহাবুদ্দীন সৈকত, লাইট হাউজের প্রধান নির্বাহী হারুন অর রশিদ এবং বগুড়া থিয়েটারের আহ্বায়ক অ্যাডভোকেট পলাশ খন্দকারসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. আব্দুল মজিদ প্রামাণিক। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার (সিআইডি) মোতাহার হোসেন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, বগুড়া জেলা জাসাসের আহ্বায়ক ওয়াহিদ মুরাদ, বগুড়া চেম্বার অব কমার্সের পরিচালক পরিমল চন্দ্র দাস, আকবরিয়া গ্রুপের স্বত্বাধিকারী হাসান আলী আলাল, বগুড়া ভাণ্ডারের স্বত্বাধিকারী আলহাজ তোফাজ্জল হোসেন, উত্তরা মোটরসের স্বত্বাধিকারী আবু মোত্তালেব মানিক এবং বগুড়া থিয়েটারের সদস্য সচিব দ্বীন মোহাম্মদ দীনু।
অনুষ্ঠানের দুই পর্বেই সভাপতিত্ব করেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দল অন্যরকমের প্রধান উপদেষ্টা কালাম আজাদ।
অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে কর্নেট শিল্পী বিকাশের পরিবেশনায় জাতীয় সংগীত পরিবেশিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। উদ্বোধনী আয়োজনে ড. নির্ঝর অধিকারী ও পৌষরাম সরকারের যৌথ পরিবেশনায় তবলা ও বাঁশির শাস্ত্রীয় সুর-তাল পরিবেশিত হয়। এছাড়া জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী পড়শী উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন।
সন্ধ্যায় ‘দল অন্যরকম’ তাদের ব্যতিক্রমধর্মী গানাবৃত্তি পরিবেশন করে। এতে নজরুল বর্ষ উপলক্ষে নজরুল স্মরণ, স্বর্ণযুগের আধুনিক গান, মৌলিক ও ফোক ফিউশন, লালন, ভাওয়াইয়া এবং সুফি কাওয়ালিসহ বিভিন্ন পরিবেশনা স্থান পায়।
অনুষ্ঠানে শিল্পী হিসেবে অংশ নেন সোবহানী বাপ্পী, স্বর্গ্য তৌহিদ, সানাউর রহমান, অলক পাল, বায়েজিদ নিবিড়, রবিউল করিম, আমিরুল রকি, আল গালিব ও রাহুল স্মরণসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এইচ আলীম।
আয়োজকদের দাবি, বিকেল থেকেই শহীদ টিটু মিলনায়তন ও এর আশপাশে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। কানায় কানায় পূর্ণ মিলনায়তনে বিভিন্ন বয়সের দর্শক ব্যতিক্রমধর্মী এ সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব সোবহানী বাপ্পী বলেন, দর্শকদের ভালোবাসা ও উৎসাহ তাদের আরও দায়িত্বশীল করেছে। ভবিষ্যতেও শুদ্ধ সংস্কৃতির চর্চার মাধ্যমে নতুন নতুন পরিবেশনা নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
রিপোর্টার্স২৪/ধ্রুব