যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় এইচএসসি দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে (১৮) ধর্ষণের অভিযোগে চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের সেলিম রেজার ছেলে।
শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে ভুক্তভোগীর পরিবারের দায়ের করা লিখিত এজহারের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চৌগাছা থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা রেকর্ড হয়েছে।
মামলার এজহার সূত্রে জানা গেছে, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করার বিষয়ে সহযোগিতা নিতে ভুক্তভোগী শিক্ষার্থী তার প্রতিবেশী ও মামাতো ভাই আরাফাত হোসেন রাব্বির সঙ্গে যোগাযোগ করেন।
অভিযোগে বলা হয়, শনিবার সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও সকাল ৯টার দিকে রাব্বি তাকে চৌগাছা শহরে নিয়ে যান। পরে বিভিন্ন কথা বলে তাকে চৌগাছা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের নিরিবিলিপাড়ার বাসিন্দা জাহানারা বেগমের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। কিছুটা সুস্থ হওয়ার পর বাড়িতে ফিরে ঘটনাটি পরিবারের সদস্যদের জানান।
এরপর সন্ধ্যায় ভুক্তভোগী তার মাকে সঙ্গে নিয়ে চৌগাছা থানায় উপস্থিত হয়ে লিখিত এজহার দেন। অভিযোগের ভিত্তিতে চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আরাফাত হোসেন রাব্বিকে গ্রেপ্তার করে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভুক্তভোগীর পরিবারের লিখিত এজহারের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত আরাফাত হোসেন রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রোববার আদালতে পাঠানো হবে। মামলার অন্যান্য আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’
তবে এ বিষয়ে গ্রেপ্তার হওয়া আরাফাত হোসেন রাব্বির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার পরিবারের কোনো সদস্যের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
রিপোর্টার্স২৪/ধ্রুব