লক্ষ্মীপুর প্রতিনিধি: ৩৬ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ও গণভোটের রায় কার্যকর না হলে সরকার পতনের আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের নেতারা।
শনিবার (১ আগস্ট) বিকেলে জুলাই সনদ ও গণভোট কার্যকর করার দাবিতে লক্ষ্মীপুরে জামায়াতের গণমিছিল পূর্ববর্তী বক্তব্যে তারা এ হুঁশিয়ারি দেন।
তারা বলেন, ৩৬ জুলাইয়ে অসংখ্য শহীদের তাজা রক্তের বিনিময়ে, অসংখ্য আহতদের বিনিময়ে আপনারা (বিএনপি) আজ ক্ষমতায় বসে আছেন। এ ৩৬ জুলাই পার হওয়ার আগেই আপনারা জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিবেন, আর না হয় ৩৬ জুলাই সরকার পতনের আন্দোলন শুরু হবে।
তারা আরও বলেন, বাংলাদেশের জনগণ মাঠে নামলে আর পিছাতে জানে না। হাসিনা বলেছেন আমি পালাই না, কিন্তু তিনি পালাতে বাধ্য হয়েছেন। ভাত রেঁধেছেন কিন্তু খাওয়ার সুযোগ হয়নি। তাই আপনাদেরও হুঁশিয়ারি দিয়ে বলছি জুলাই সদন বাস্তবায়ন করুন।
এ সময় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, নায়েব আমীর এডভোকেট নজির আহমদ, সেক্রেটারী এ আর হাফিজ উল্লাহ, সাবেক সেক্রেটারী মাওলানা ফারুক হোসাইন নুরনবী, মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, এডভোকেট মহসিন কবীর মুরাদ, শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান, নায়েবে আমীর জহিরুল ইসলাম, সেক্রেটারী হারুনুর রশিদ, শহর শিবির সভাপতি আবদুল আউয়াল হামদু প্রমুখ।
রিপোর্টার্স২৪/ধ্রুব