কালিহাতী (টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অবৈধ মৎস্য আহরণ বন্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (৩ আগস্ট) দিনব্যাপী উপজেলার চারান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা জাকিয়া আবেদীন, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা জাকিয়া আবেদীন জানান, অভিযানে ১২ হাজার ৫০০ মিটার চায়না দুয়ারী জাল এবং ২ হাজার ৬০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। উদ্ধার হওয়া মোট ১৫ হাজার ১০০ মিটার নিষিদ্ধ জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা।
অভিযান শেষে উপজেলা পরিষদ চত্বরে জব্দ করা জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সংশ্লিষ্টরা জানান, নিষিদ্ধ জালের মাধ্যমে নির্বিচারে মাছ ও মাছের পোনা আহরণ করায় মৎস্যসম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের জালের ব্যবহার জলজ জীববৈচিত্র্যের জন্যও বড় হুমকি।
উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব