নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার নদীভাঙন প্রতিরোধ, যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন এবং চরাঞ্চলের টেকসই উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে একগুচ্ছ দাবি তুলে ধরেছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
এর আগে তিনি উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের মহিষবেড় এলাকায় ভয়াবহ মেঘনা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জিও ব্যাগ স্থাপনের মাধ্যমে জরুরি ভিত্তিতে নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান, বসতভিটা, কৃষিজমি ও স্থানীয় জনগণের জানমাল রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
জানা গেছে, সম্প্রতি ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এ সময় তাঁর সহধর্মিণী ও ওমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেত্রী এবং রায়পুরা উপজেলা বিএনপির সদস্য জান্নাতুল হক শাপলাও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে বকুল এমপি রায়পুরা উপজেলার ২৪টি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণ, মেঘনা নদীর ওপর সেতু নির্মাণ, নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, বেড়িবাঁধ নির্মাণ, চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং নতুন উপজেলা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার বিষয় তুলে ধরেন।
এছাড়া তিনি মেঘনা নদীতে সেতু নির্মাণ, চরাঞ্চলে পর্যটনকেন্দ্র গড়ে তোলা, ফেরি চালুর মাধ্যমে কুমিল্লার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, রায়পুরা শ্রীরামপুর রেলগেট থেকে ভৈরব পর্যন্ত রেললাইনের পাশ দিয়ে সড়ক নির্মাণ এবং শিল্পায়নের স্বার্থে গ্যাস সংযোগ প্রদানের দাবি জানান।
নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, অভ্যন্তরীণ সড়ক উন্নয়ন, গুরুত্বপূর্ণ স্থানে সেতু নির্মাণ এবং রাজধানী ঢাকার সঙ্গে নিরাপদ ও দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে বিশেষ উন্নয়ন প্রকল্প গ্রহণের আহ্বানও জানান তিনি।
একই সঙ্গে চরাঞ্চলের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে প্রযুক্তিগত শিক্ষা, কারিগরি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য বকুল।
সাক্ষাৎ শেষে তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের মেয়াদকালেই রায়পুরার উন্নয়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ ও গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো অনুমোদন পাবে। এতে মেঘনাবেষ্টিত রায়পুরাকে একটি আধুনিক ও উন্নত উপজেলায় রূপান্তর করা সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় প্রধানমন্ত্রী দেশের সার্বিক উন্নয়নে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরেন বলে বকুল এমপি জানান। তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বেরও প্রশংসা করেন।
অন্যদিকে স্থানীয় নেতাকর্মীদের দাবি, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর আশরাফ উদ্দিন বকুল নদীভাঙন প্রতিরোধ, অবৈধ বালু উত্তোলন বন্ধ, চাঁদাবাজি ও সন্ত্রাস দমন, মাদকবিরোধী কার্যক্রম এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। এসব কর্মকাণ্ডের কারণে তিনি স্থানীয় মানুষের ইতিবাচক মূল্যায়ন পেয়েছেন বলেও তারা দাবি করেন।
রায়পুরার সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং মেঘনা নদীর ওপর সেতু নির্মাণসহ বিভিন্ন দাবির বিষয়ে দ্রুত বাস্তবায়নের আশ্বাস পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব