স্টাফ রিপোর্টার: ঢাকা বোট ক্লাবে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণির দায়েরকৃত মামলায় তাকে জেরার দিন ছিল রোববার (৯ আগস্ট)। কিন্তু এদিন আদালতে সময়মত পৌঁছাতে পারেননি তিনি। এ কারণে তাকে জেরার জন্য নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
এ দিন সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত। তিনি বলেন, পরীমণিকে জেরার জন্য নতুন তারিখ আগামী ৩০ নভেম্বর ধার্য করা হয়েছে। দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক মোহাম্মদ সাহাদাত হোসেন ভূঁইয়া এ তারিখ ধার্য করেছেন।
পরীমণির আদালতে পৌঁছাতে দেরি হওয়ার কারণ সম্পর্কে আইনজীবী নীলাঞ্জনা রিফাত জানান, তার মক্কেল আদালতের উদ্দেশে বাসা থেকে বের হয়েছিলেন। দুপুর ১২টার দিকে আদালতে থাকার কথা ছিল তার। কিন্তু সড়কে যানজটের কারণে আটকে যান। ফলে আদালতে নির্ধারিত সময় উপস্থিত হতে পারেননি। এ অবস্থায় তাকে জেরার জন্য নতুন তারিখ ধার্য করেন আদালত।
এছাড়া সূত্রের বরাত জানা গেছে, এদিন বেলা আড়াইটার দিকে আদালত প্রাঙ্গণে আসেন পরীমণি।
উল্লেখ্য, ২০২১ সালের ১৪ জুন সাভার মডেল থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন পরীমণি। একই বছরের ৬ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় সাভার মডেল থানা-পুলিশ। এর মধ্যে তিনজন হলেন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ, শাহ শহিদুল আলম ও তুহিন সিদ্দিকী অমি। পরের বছর ১৮ মে এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার জন্য আদেশ দেন আদালত।
রিপোর্টার্স২৪/ধ্রুব