ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন ধর্মপুর গ্রামে আশিক ইসলাম (২৪) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে নিজ বসতঘরের বারান্দায় বাঁশের সরার (ধর্না) সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পান পরিবারের সদস্যরা।
নিহত আশিক ইসলাম ধর্মপুর গ্রামের মোঃ রাজু মিয়ার ছেলে। তিনি গত পাঁচ বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আশিক দীর্ঘদিন ধরে গুরুতর মানসিক অসুস্থতায় ভুগছিলেন। প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে পাবনা মানসিক হাসপাতালে তাঁর চিকিৎসা করানো হয়। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ সেবন করছিলেন। সোমবার দুপুর ১টার দিকে তাঁর ছোট বোন আর্জিনা আক্তার ঘরে ঢুকে ভাইকে ধর্নার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। পরে স্বজনেরা এসে তাঁকে নিচে নামান।
এ ঘটনায় নিহতের চাচা মোঃ আবু বক্কর বাদী হয়ে রুহিয়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করেছেন।
রুহিয়া থানার ওসি মো. বদিউজ্জামান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব