কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাফিজ আহমেদ খান রাজুর ওপর হামলার প্রতিবাদ ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে চারটায় খোকসা থানার সামনে আয়োজিত মানববন্ধনের আয়োজন করে খোকসা উপজেলা কৃষকদল।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজুর ওপর সন্ত্রাসী হামলার ৭দিন পার হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশের ভূমিকা রহস্যজনক। হমলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে খোকসাকে অচল করে দেওয়া হবে। আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
উল্লেখ্য, গত (৬ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে পৌর বিএনপির অফিস শেষে থানাপাড়াস্থ নিজ বাসভবনে ফেরার পথে তিনটি মোটরসাইকেলে আসা একদল সশস্ত্র দুর্বৃত্ত নাফিজ আহমেদ খাঁন রাজুর ওপর অতর্কিত হামলা ও গুলি বর্ষণ করে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত ও রক্তাক্ত হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব