স্টাফ রিপোর্টার: দেশের চাহিদা মেটাতে আন্তর্জাতিক ও স্থানীয় বাজার থেকে পৃথক তিনটি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২ কোটি লিটার সয়াবিন তেল, ২৫ হাজার মেট্রিক টন চিনি ও ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৫১৯ কোটি ৩৭ লাখ ৭২ হাজার ৫০০ টাকা।
বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পৃথক তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
ইন্দোনেশিয়ার পিটি ট্রিনিটি ক্যাহ্য এনার্জি থেকে এ তেল কেনা হবে। এতে ব্যয় হবে ২৮২ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১ দশমিক ১৫০ মার্কিন ডলার।
এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ইন্দোনেশিয়া থেকে ২৫ হাজার মেট্রিক টন চিনি কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। ইন্দোনেশিয়ার পিটি ট্রিনিটি ক্যাহ্য এনার্জি থেকে এ চিনি কেনা হবে। এতে ব্যয় হবে ১৫৭ কোটি ৮৬ লাখ ২২ হাজার ৫০০ টাকা। প্রতি মেট্রিক টন চিনির দাম পড়বে ৫১৪ মার্কিন ডলার।
অন্যদিকে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে জাতীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল (৫০ কেজির বস্তায়) কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। দেশীয় প্রতিষ্ঠান নাবিল নাবা ফুডস লিমিটেড থেকে এ মসুর ডাল কেনা হবে। এতে ব্যয় হবে ৭৮ কোটি ৯৬ লাখ টাকা। প্রতি কেজি ডালের দাম পড়বে ৭৮ টাকা ৯৬ পয়সা।
এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে জাতীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২ কোটি লিটার পরিশোধিত পাম অয়েল (২ লিটারের PET বোতলে) কেনার প্রস্তাব বৈঠকে উপস্থাপন করা হলেও মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে তা আলোচনা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব